বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ বলেছেন, “বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বিষয়টি বিএনপির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। তার বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।”
মঙ্গলবার বিকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারত সরকারের প্রতিশ্রুত চলমান এক শ’ কোটি ডলার ঋণের অনুদান (২০ কোটি ডলার) অংশের শেষ কিস্তির (দেড় কোটি ডলার) চেক হস্তান্তর করতে সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে এসেছিলেন তিনি।
এদিকে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “এই বিষয়ে (সালাহ উদ্দিনের সন্ধান) স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিসিয়ালি কিছু জানে না।”
সরকারি কর্মকর্তা হিসেবে ১৯৯১-৯৬ মেয়াদে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহ উদ্দিন। পরে তিনি চাকরি ছেড়ে কক্সবাজারের সংসদ সদস্য হন। ২০০১ সালে জোট সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তার স্ত্রী হাসিনা ২০০৮ সালে সংসদ সদস্য ছিলেন।
এএইচ





