সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলাগুলো সামরিক আদালতে বিচার করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী বুধবার টেলিভিশনে দেয়া এক ভাষণে এ সংক্রান্ত একটি পরিকল্পনার কথা প্রকাশ করেন।
নওয়াজ এ দিন সন্ত্রাসবাদ দমনে ২৫টি নতুন পরিকল্পনার কথা প্রকাশ করেন। এর মধ্যে সামরিক আদালতে বিচারের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিচার ত্বরান্বিত করতে সেনাবাহিনীর অফিসারদের পরিচালিত বিশেষ আদালত স্থাপন করা হবে।’
তিনি আরও বলেন, ‘আগামী দুই বছরের জন্য ওই আদালত পরিচালিত হবে।’ এর জন্য প্রচলিত আইনে পরিবর্তন আনা হবে বলেও উল্লেখ করেন তিনি।
১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় ১৩২ শিক্ষার্থীসহ অন্তত ১৪১ জন নিহত হয়। এ ঘটনা উল্লেখ করে নওয়াজ বলেন, ‘পেশোয়ারে হামলার ঘটনা জাতিকে শোকাহত করেছে। আমাদের শিশুদের রক্ত বৃথা যেতে দেব না।’
অর্থ সরবরাহ ও মিডিয়া কাভারেজ বন্ধ
সন্ত্রাসবাদীদের অর্থের যোগান ও নতুন নামে সংগঠন পরিচালনা বন্ধ করা হবে বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
প্রকাশিত ‘প্ল্যান অব এ্যাকশন’-এ সন্ত্রাসবাদীদের খবর ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশের ব্যাপারে নিষেধাজ্ঞার বিষয়টিও রয়েছে। এ ছাড়া তাদের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের পরিকল্পনার কথা প্রকাশ করেছেন নওয়াজ।
সন্ত্রাস দমনে বিশেষ ফোর্স গঠন ও মাদ্রাসার মতো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের পরিকল্পনাও প্রকাশ করেছেন তিনি। সূত্র: আলজাজিরা।
কেএইচ





