ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক চেয়ারম্যান ললিত মোদি এবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে টার্গেট করেছেন। এ নিয়ে ললিত মোদি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিজেপি এমপি বরুণ গান্ধীর বিরুদ্ধে।

মঙ্গলবার গভীর রাতে ললিত মোদি টুইট করে দাবি করেন, ‘কয়েক বছর আগে বরুণ গান্ধী লন্ডনে তার সঙ্গে দেখা  করেন। সেখানে তিনি বলেছিলেন, ‘আমি আমার আন্টির (সোনিয়া গান্ধী) সঙ্গে কথা বলে কংগ্রেসের সঙ্গে আপনার সব সমস্যার সমাধান করে দেব। কিন্তু আপনাকে আমার আন্টির বোনের সঙ্গে দেখা করতে হবে। উনি ইতালিতে থাকেন।’

যে কমন ফ্রেন্ড বরুণ গান্ধী এবং ললিত মোদির মধ্যে আলাপ করিয়ে দিয়েছিল তার সামনেই বরুণ ললিতকে বলেন, ‘আন্টির এ জন্য ৬ কোটি ডলার চাই।’

এ ধরণের দাবি করার পর ললিত মোদি বরুণ গান্ধীর উদ্দেশ্যে বলেছেন, ‘আপনি সবাইকে জানান, সমঝোতার জন্য আপনার আন্টি কী চেয়েছিলেন। আশাকরি এই টাকা চাওয়ার ঘটনা এবং আমার সঙ্গে দেখা করার কথা আপনি অস্বীকার করবেন না।’

এদিকে, বিজেপি নেতা বরুণ গান্ধী বলেছেন, ললিত মোদিকে কোনো সাহায্যের কথা তিনি বলেননি।

মঙ্গলবার রাতের এই টুইটে ললিত মোদি স্পষ্টত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে টার্গেট করার চেষ্টা করেছেন। যদিও ললিত মোদির দাবিতে বেশী বিপাকে পড়েছে বিজেপি। কারণ, তাদের এমপিকে জড়িয়ে এসব দাবি করেছেন ললিত। যদিও আজ (বুধবার) সকালে এক তথ্যে প্রকাশ, বিজেপি এমপি বরুণ গান্ধী বলেছেন, ‘ললিত মোদিকে আমি কোনোভাবেই সাহায্যের কথা বলিনি।’  

অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা খুব সহজ। কারণ, তাদের সভানেত্রীর সঙ্গে সরাসরি এ নিয়ে কোনো কথা হয়নি। যদিও ললিত মোদির দাবি প্রসঙ্গে এখনো কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

এদিকে, ললিত মোদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, আপনাদের বিজেপি নেতা অরুণ জেটলি (অর্থমন্ত্রী) এবং কংগ্রেস নেতা রাজীব শুক্লাকে জিজ্ঞসাবাদ করার মত সাহস আছে? ললিত মোদির এ ধরণের টুইটেও অস্বস্তিতে পড়েছে বিজেপি। কারণ, খোদ অর্থমন্ত্রীকে টার্গেট করেছেন ললিত।  রেডিও তেহরান

ইআর