ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালেদ মিশাল বলেছেন, তার সংগঠনকে নিরস্ত্র করার প্রশ্নই ওঠে না। হামাসের অস্ত্র ও সামরিক শক্তির বিষয়টি কোনো আলোচনার ইস্যু নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে মিশাল বলেন, হামাসের অস্ত্রের বিষয়টি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ভবিষ্যতের কোনো আলোচনায় এজেন্ডাভুক্ত হবে না।
গাজার পুনর্গঠনের বিষয়টির সঙ্গে ইসরাইল ওই এলাকা নিরস্ত্রীকরণের ওপর জোর দিয়ে আসছে। কিন্তু খালেদ মিশাল বলছেন, তারা কখনো অস্ত্র সমর্পণ করবেন না।
গত মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোয় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, এ চুক্তির মাধ্যমে হামাস কিছুই অর্জন করতে পারে নি।
চুক্তির আওতায় গাজায় খাদ্যপণ্য, মানবিক ত্রাণ ও নির্মাণ সামগ্রী যাওয়ার জন্য তেল আবিব ক্রসিং পয়েন্টগুলোর নিয়ন্ত্রণ শিথিল করবে এবং আরো বেশি সমুদ্র উপকূলীয় এলাকায় মাছ ধরার সুযোগ দেবে। তবে সমুদ্র ও বিমানবন্দর চালুর জন্য হামাস যে দাবি করছে এবং হামাসকে নিরস্ত্রীকরণের জন্য ইসরাইল যে দাবি তুলেছে তা নিয়ে আলোচনা হতে এবং এ ইস্যুগুলোর সমাধান হতে দেরি হবে। কায়রোয় দু পক্ষের আলোচকরা নতুন করে না বসলে এসব বিষয়ে সমাধান আসবে না।
সংবাদ সম্মেলনে হামাস নেতা দ্রুত রাফাহ ক্রসিং পয়েন্ট খুলে দেয়ার জন্য মিশরের প্রতি আহ্বান জানান। রাফাহ ক্রসিং খুলে দেয়া এখন মিশরের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





