কাশ্মিরে মুসলমানদের আশুরার মিছিলে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিয়াদের এই মিছিলে হামলার ঘটনায় বহু আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

মহররমের ১০ তারিখ উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) এই মিছিলের আয়োজন করে প্রায় ৯৭ শতাংশ মুসলিম অধ্যুষিত হিমালয়ান অঞ্চলটির মানুষজন।

ঘটনার প্রত্যক্ষদর্শী জাফর আলি বার্তা সংস্থা এএফপিকে জানান, মিছিলটি কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরের পার্শ্ববর্তী বেমিনা এলাকা থেকে শুরু হয়। এ সময় সরকারি বাহিনীর অনেক সদস্য উপস্থিত ছিলেন।

জাফর আলি ও অন্য যারা দেখেছেন তারা জানিয়েছেন, সমাবেশ বানচাল করতে নিরাপত্তা বাহিনী গুলি ছুড়ে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পুলিশ বলছে, করোনাভাইরাসের কারণে জারি করা নিষেধাজ্ঞা ভেঙেছেন এ লোকজন।

অন্য আরেক প্রত্যক্ষদর্শী ইকবাল আহমেদ জানান, মিছিলটি শান্তিপূর্ণই ছিল এবং সেখানে নারীরাও অংশ নিয়েছিলেন। তারপরও গুলি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।

এছাড়া হাসপাতালের কর্মীরা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, অন্তত ৩০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কিছু ছিল গুলি ও টিয়ার গ্যাসে আহত। আল-জাজিরা

এমবি