বোকো হারামের কব্জা থেকে প্রায় ৩০০ নারী ও শিশুকে উদ্ধার করে এ সপ্তাহেই একটি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে নাইজেরিয়ার সেনা কর্তৃপক্ষ।
এর আগেও আরো ২৩৪ জন নারী ও শিশুকে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছিল দেশটির সেনাবাহিনী।
তিন দিন ধরে বিস্তীর্ণ সাম্বিসা বন পাড়ি দিয়ে অবশেষে নারী ও শিশুরা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইয়োলা শহরে এসে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
বনের ভেতরে লুকোনো বোকো হারামের একটি গোপন আস্তানা থেকে গত বৃহস্পতিবারে সেই সব নারী ও শিশুদের উদ্ধার করা হয়।
নাইজেরিয়া প্রতিরক্ষাবাহিনীর মুখপাত্র মেজর-জেনারেল অলুকোলাদে জানিয়েছেন, উদ্ধার হওয়া শিশুদেরকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মি. অলুকোলাদে বলেন, তারা মানিয়ে নেয়ার চেষ্টা করছে। যারা ওই পরিবেশে, বন্দী দশায়, একটা নির্দিষ্ট সময় সেখানে পাড় করেছে তাদের মধ্যে হয়তো নানান ধরণের মানসিক সমস্যা দেখা দিতে পারে। তাই, এই বিষয়গুলোকেও গুরুত্ব দেয়া দরকার।
২০১৪ সালের এপ্রিলে নাইজেরিয়ার চিবোক-এর একটি স্কুল থেকে যে ২০০ মেয়েকে অপহরণ করা হয়েছিল তাদের কেউ উদ্ধার হওয়া এই ৩০০ হন নারী ও শিশুর মধ্যে আছে কি-না তা এখনো স্পষ্ট নয়।
এর আগে এই সাম্বিসা বন থেকে বোকো হারাম-এর ১৩টি ক্যাম্প ধ্বংস করা হয়েছিল।
ইসলামিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে ২০০৯ সাল থেকে নাইজেরিয়ার কার্যক্রম পরিচালনা করছে যাচ্ছে বোকো হারাম। বিবিসি বাংলা
ইআর





