জর্জিয়ায় একটি বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, কৃষ্ণ সাগরের বাটুমিতে লিওগ্রান্ড হোটেলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী জাল মিকেলাদজে জানিয়েছেন, নিঃশ্বাসের সঙ্গে ধোঁয়া ঢোকার কারণে ওই ব্যক্তিরা মারা যান।
তিনি বলেন, ২২ তলা ওই হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ১৯ জন আহত হয়েছেন। নিঃশ্বাসের সঙ্গে ধোঁয়া ঢোকায় তারা আহত হয়েছেন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল বাহিনী হোটেলের আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা এখনো জানা যায়নি।
এদিকে জর্জিয়ার মিডিয়াগুলো জানিয়েছে, আগুন লাগার পর শতাধিক ব্যক্তিকে হোটেল থেকে বের করে আনা হয়। বাটুমি ইউনিভার্সিটি ক্লিনিকের একজন মুখপাত্র জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে তিনজন তুরস্কের ও একজন ইসরায়েলে নাগরিক রয়েছেন। তবে নিহত ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে তিনি কোনো কিছু জানাতে পারেননি।
আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ১৬টি গাড়ি এবং একশ জন দমকল সদস্য আগুন নেভানোয় অংশ নেয়। উল্লেখ্য, রোববার ওই হোটেলে মিস জর্জিয়া সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জেড





