ব্রিটিশ পরিবারের এক নাতনী তার মৃত দাদির কাছ থেকে একটি টেক্সট মেসেজ পেয়েছে বলে ধারণা করেছিল। তিন বছর আগে ওই মহিলার মৃতদেহকে তার ফোনের সঙ্গেই সমাহিত করা হয়।

২০১১ সালে ৫৯ বছর বয়সে সেলসি ইমারসন নামের ওই মহিলা মারা যান। মৃতদেহের সঙ্গে মোবাইল ফোনসহ তার বেশকিছু প্রিয় জিনিসও সমাহিত করা হয়। খবর এএফপির।

মৃত্যুর পরও সেলসির নাতনী শেরি (২২) তার ফোনে টেক্স মেসেজ পাঠাতে থাকেন। গত সপ্তাহে শেরি তার মোবাইলে দাদীর মোবাইল থেকে একটি উত্তর পান। মেসেজটিতে লেখা ছিল ‘আমি তোমার ওপর নজর রাখছি।’

শেরি বলেন, ‘মেসেজটি পড়ে আমি অসুস্থ হয়ে পড়ি। আমি এতোটাই হতভম্ব হয়ে পড়ি যে এ ব্যাপারে কিছু ভাবতেই পারিনি।’

তার চাচা ওই নাম্বারে ফোন করলে জানা যায় যে, এক ব্যক্তি ওই নাম্বারে ব্যবহার করছেন। শেরির মেসেজগুলো পড়ে তিনি ভেবেছিলেন যে তার বন্ধুরা দুষ্টুমি করে তাকে এগুলো পাঠিয়েছে।

ফোন কোম্পানি জানিয়েছে, তারা নম্বরটির পুনঃনিবন্ধন করে ওই ব্যক্তিকে দিয়েছে। এ ঘটনার জন্য নতুন ব্যবহারকারী ও ফোন কোম্পানি ক্ষমা চেয়েছে।

এসএমএ