ভারতের মুম্বাইয়ের ভেন্ডি বাজার এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে পড়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে ২০ জনের বেশি লোক আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে নগরীর ভেন্দি বাজারের মাওলানা শওকত আলী রোডের ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় এ ভবন ধস হয়।
ব্যস্ততম বাজারের ওই ভবন ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী এনডিআরএফের সদস্যরা।
খোঁজ নিয়ে জানা যায়, মাওলানা শওকত আলি রোডের ‘আরসিওয়ালা বিল্ডিং’ নামে নড়বড়ে ভবনটিতে ২৪ জনের বেশি লোক বসবাস করতেন।
পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রায় ২০ জন এখনও আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে শনিবারও মুম্বইয়ের চান্দিভালি এলাকায় বাড়ি ধসে মৃত্যু হয়েছিল ছয় জনের। এ বছর বর্ষা শুরুর আগেই ৭৯১টি পুরনো বাড়িকে বিপজ্জনক ঘোষণা করেছিল বৃহন্মুম্বই পুরসভা। পুরসভার আশঙ্কা গত দু’দিনের প্রবল বর্ষণের ফলেই ধসে পড়েছে বাড়িটি।
গত ২৫ জুলাই মুম্বইয়ের ঘাটকোপারে ভেঙে পড়েছিল একটি চার তলা বাড়ি। এই ঘটনায় মারা গিয়েছিলেন সাত জন।
এএইচ





