মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা এবং মিসাইল হামলা শুরু হয় বলে খবর প্রকাশিত হয়।

ইউক্রেনের রাজধানী কিয়েভে জরুরি সাইরেন বাজানো হয় এবংবিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় যে মহাসড়কগুলোতে শহর ছেড়ে যেতে চাওয়া মানুষের গাড়ির ভিড়।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই আতঙ্ক প্রকাশ করে মন্তব্য করেছেন যে তারা বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয় কেন্দ্র এবং বেজমেন্টে আশ্রয় নিচ্ছেন।

কিয়েভে বৃটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইট করেছেন যে রাস্তায় অপেক্ষাকৃত কম মানুষ দেখা যাচ্ছে এবং মানুষকে ক্যাশ মেশিনগুলোতে লাইন দিতে দেখা যাচ্ছে।

এদিকে বিবিসি’র কিয়েভ সংবাদদাতা জেমস ওয়াটারহাউজ জানিয়েছেন ইউক্রেনের একজন সরকারি কর্মকর্তা এখন পর্যন্ত হওয়া রুশ সেনা অভিযান সম্পর্কে তাদের ধারণা দিয়েছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, আজ সকালে কিয়েভে ক্রুজ মিসাইল আক্রমণ করা হয়েছে। দেশটির দক্ষিণে ওদেসা অঞ্চলে সেনা সদস্যদের আগ্রাসনের খবরও পাওয়া গেছে।

রুশ সীমান্তের প্রায় ২৫ মাইল দূরের খারকিভ অঞ্চলেও সেনা সদস্যরা এগিয়ে আসছে, বলছেন সরকারি কর্মকর্তারা।

বিবিসি সংবাদদাতা জেমস ওয়াটারহাউজের খবর অনুযায়ী, প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তারা মনে করছেন যে যথেষ্ট বড় পরিসরে এই সেনা অভিযান পরিচালিত হচ্ছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম খবর প্রকাশ করছে যে, কিয়েভে দেশটির সেনাবাহিনী হেডকোয়ার্টারে এবং মিসাইল কমান্ড সেন্টারে মিসাইল হামলা চালানো হয়েছে। সূত্র : বিবিসি।

নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ খারকিভের মেয়রের
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর খারকিয়েভের মেয়র নাগরিকদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। দেশজুড়ে বিস্ফোরণ ও আর্টিলারির শব্দ পাওয়ায় নাগরিকদের প্রতি এই আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার সকালে মেয়র ইগর তেরেখভ একটি ফেসবুক পোস্টে বলেছেন, ‘অনুগ্রহ করে আজ আপনার বাড়ি থেকে বের হবেন না। জটিল পরিস্থিতির কারণে আজ স্কুল, কিন্ডারগার্টেন এবং অন্যান্য প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপনারা বাড়িতে অবস্থান করবেন।

তিনি বলেন, ‘এই সময়ে গণপরিবহন যথারীতি কাজ করবে। দিনভর কী ঘটছে এবং নগর কর্তৃপক্ষের ক্রিয়াকলাপ সম্পর্কে আমি আপনাদের অবহিত করব।’

এদিকে দেশটির রাজধানী কিয়েভ এবং পশ্চিমাঞ্চলীয় আরেক শহর লভিভে বিমান হামলার শব্দ শোনা গেছে। তবে সিএনএনের এক সাংবাদিক জানিয়েছেন সেখানকার অবস্থা উল্লেখযোগ্যভাবে শান্ত। স্থানীয় সময় সকাল আটটায় শহরগুলোর রাস্তায় অফিসগামী মানুষের ভিড় দেখা গেছে। সূত্র : সিএনএন।

এইচএন