আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের পুত্র ওমরকে মিশরে প্রবেশ করতে দেয়নি দেশটির কতৃপক্ষ । মিশরে প্রবেশের নিষেধাজ্ঞা থাকায় তাকে বিমানবন্দরে আটকে দেয়া হয়। তবে এ বিষয়ে বিশদ কোনো ব্যাখ্যা দেয়নি দেশটির কর্তৃপক্ষ। 

ওসামার চতুর্থ পুত্র ওমর (৩৪) তার ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী জানিয়া আল সাবাহর সঙ্গে ভ্রমণে দোহা থেকে মিশরে পৌঁছেন। বিমানবন্দরে তাকে আটকে দেবার পর তুরস্কে পাঠানোর সিদ্ধান্ত নেয় কায়রোর কর্তৃপক্ষ।

মিশরে ওমর সস্ত্রীক ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত অবস্থান করেন। পরে আরো একবার তাকে প্রবেশের সুযোগ দেয়া হলেও, এবারই তাকে  প্রবেশের অনুমতি দেয়া হয়নি। ওমর ২০০১ সালে বাবা ওসামা বিন লাদেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

রয়টার্সকে ২০১০ সালে দেয়া সাক্ষাৎকারে ওমর জানান , তিনি তার পরিবারের কেউই বাবার আদর্শে অনুপ্রাণিত নন। তবুও বিভিন্ন সময় বাবার পরিচয়ের কারণে লাদেনের পরিবারের সদস্যরা সমস্যায় পড়ছেন। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে লাদেনের সন্তান ও তাদের পরবর্তী প্রজন্ম ভালো নাগরিক হিসেবে বেঁচে থাকতে চায় বলেও জানান তিনি।

এসময় ওমর আরো জানান ইরান ও সৌদি সরকারের সহায়তায় পুরো পরিবারকে এক করে বাবার আদর্শ থেকে দূরে গিয়ে বাঁচার চেষ্টা করছেন বলেও জানিয়েছিলেন তিনি।

ওসামা বিন লাদেন ২০১১ সালে পাকিস্তানের মার্কিন সেনা কমান্ডোদের হাতে নিহত হন । ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার জন্য ওসামা বিন লাদেন ও আল কায়েদাকে দায়ী করা হয়।

নাজিব