আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তার দেশে আমেরিকার সর্ববৃহৎ অ-পারমাণবিক বোমা নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ওয়াশিংটন আফগানিস্তানকে নতুন নতুন অস্ত্রের পরীক্ষাগার বানিয়েছে।
কারজাই এক টুইটার বার্তায় লিখেছেন, “আমি কঠোর ভাষায় মার্কিন বাহিনী কর্তৃক আফগানিস্তানে সর্ববৃহৎ অস্ত্র নিক্ষেপের নিন্দা জানাচ্ছি।” তিনি আমেরিকাকে ‘প্রতিহত’ করার জন্য কাবুল সরকারের প্রতি আহ্বান জানান।
আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের একটি কথিত আস্তানায় মার্কিন বাহিনী বৃহস্পতিবার ২২ হাজার পাউন্ড বা ১০ হাজার কেজি ওজনের একটি বোমা নিক্ষেপের পর এ আহ্বান জানালেন কারজাই।
২০০১ সালে ইঙ্গো-মার্কিন বাহিনী আফগানিস্তান দখল করার পর পশ্চিমা দেশগুলোর মধ্যস্থতায় অনুষ্ঠিত এক চুক্তির আওতায় প্রথম আফগান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন হামিদ কারজাই। তিনি তার সংক্ষিপ্ত টুইটার বার্তায় আরো লিখেছেন, “এটি কোনো সন্ত্রাস বিরোধী যুদ্ধ নয় বরং আমাদের দেশকে ভয়াবহ সব অস্ত্রের পরীক্ষাগার হিসেবে অপব্যবহার করার অপপ্রয়াস। এখন আমাদের, (অর্থাৎ) আফগানদের উচিত আমেরিকাকে প্রতিহত করা।”
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





