পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেরিজেন্স (আইএসআই)'র নতুন প্রধানের নাম ঘোষণা করা হয়েছে সোমবার। নতুন নিয়োগপ্রাপ্ত আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতারকে সেনাপ্রধান জেনারেল শরীফের খুব ঘনিষ্ঠজন বলে ধারণা করা হয়। খবর ডনের।

সেনা প্রধানের পর সামরিক বাহিনীতে আইএসআই প্রধানকে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকার হটানোর আন্দোলন দ্বিতীয় মাসে গড়ানোর প্রেক্ষাপটে আইএসআই-এর মহাপরিচালক হিসেবে রিজওয়ান আখতারের নাম ঘোষণা করা হলো।

পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল অসিম বাজওয়া এক টুইট বার্তায় অন্যান্য সেনাকর্মকর্তার পদোন্নতিসহ এ ঘোষণা দেন।

বর্তমান আইএসআই প্রধান জহির-উল-ইসলাম ১ অক্টোবর অবসরে যাচ্ছেন।

গোয়েন্দা প্রধানের নিয়োগ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত। তিনি একগুচ্ছ নাম থেকে একজনকে নির্বাচন করেন।

উল্লেখ্য আখতার মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এর আগে তিনি দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের আধাসামরিক রেঞ্জার্স ফোর্সের নেতৃত্বে ছিলেন। এছাড়া তিনি ২০০৭ থেকে ১০ সাল পর্যন্ত আফগান সীমান্ত সংলগ্ন দক্ষিণাঞ্চলীয় অশান্ত ওয়াজিরিস্তান জেলায় দায়িত্ব পালন করেন। সূত্র: ডন

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ