পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি স্কুলে সশস্ত্র হামলা চালিয়ে দেড় শতাধিক মানুষকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় তালেবানকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তান।

এক প্রতিবেদনে পাকিস্তানের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ডন জানিয়েছে, সামরিক আদালতে বৃহস্পতিবার এই রায় অনুমোদন করেন সেনাপ্রধান রাহেল শরিফ।

সেনাবাহিনীর গণমাধ্যম বিভাগ এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।

করাচিতে সৈনিক হত্যার দায়ে একই দিন আরেক সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন সামরিক আদালতটি। এছাড়া এক সন্ত্রাসীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তরা এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ার আর্মি পাবলিক স্কুলে তালেবানের যোদ্ধারা হামলা চালায়। এতে ১৬২ জন নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী।

এ ঘটনার পরদিনই প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার ঘোষণা দেন। তার আগে ২০০৮ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকরের ওই স্থগিতাদেশ বহাল ছিল।

কেএইচ