পাক সরকারের সঙ্গে চলমান সংলাপে তালেবানের প্রধান আলোচক হুমকি বলেছেন, এ আলোচনা ব্যর্থ হলে সারাদেশে হামলা চালানোর জন্য ৫০০ নারী আত্মঘাতী হামলাকারী প্রস্তুত রয়েছে।
রাজধানী ইসলামাবাদের লাল মসজিদের ইমাম মওলানা আব্দুল আজিজ পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনায় তালেবান প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, সরকার যেন তালেবানের শর্ত মেনে নেয়। আব্দুল আজিজ বলেন, “আপনাদের জানা উচিত, এই মুহূর্তে ওয়াজিরিস্তান ও অন্যান্য উপজাতীয় এলাকায় ৪০০ থেকে ৫০০ নারী বোমা হামলাকারী তৈরি আছে। কাজেই পরিস্থিতি উপলব্ধির পাশাপাশি সরকারের উচিত তাদের দাবি মেনে নেয়া।”
মওলানা আব্দুল আজিজ দাবি করেন, নওয়াজ শরীফ সরকারের সঙ্গে আলোচনায় একটি সমঝোতায় পৌঁছার জন্য তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র কোনো তাড়াহুড়া নেই। তালেবানের প্রধান আলোচক এমন সময় এ হুমকি দিলেন যখন নওয়াজ শরীফ সরকারের সঙ্গে আলোচনায় তালেবানের পক্ষ থেকে কঠিন শর্ত আরোপ করার কারণে এ সংলাপ ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তালেবান বলছে, কারাবন্দি তাদের সব জঙ্গিকে মুক্তি দেয়ার পাশাপাশি উপজাতি অধ্যুষিত এলাকাগুলো থেকে সরকারি সৈন্য প্রত্যাহার করতে হবে। সেইসঙ্গে সারাদেশে ইসলামি শরীয়া আইন (কট্টর ওহাবী আইন) চালুরও প্রস্তাব দিয়েছে তারা।
এদিকে পাকিস্তান সরকার বলছে, তালেবানের সঙ্গে যেকোনো আলোচনা হতে হবে সংবিধান অনুযায়ী। কিন্তু তালেবান পাকিস্তানের বর্তমান সংবিধানের কোনো কোনো ধারা মেনে নিতে রাজি নয়।
২০০১ সালে মার্কিন সরকারের কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধে যোগ দেয় তত্‌কালীন সেনাশাসক পারভেজ মুশাররফের সরকার। আর তখনই পাকিস্তানে টিটিপির উত্থান হয়। গত এক যুগেরও বেশি সময় ধরে সামরিক উপায়ে টিটিপিকে দমনের চেষ্টা করে ইসলামাবাদ। কিন্তু এবার নওয়াজ শরীফ সরকার তালেবানের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে। সে উদ্যোগের অংশ হিসেবে গত সপ্তাহে আলোচনা শুরু করেছে দু’পক্ষ।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]