আফগানিস্তানের নতুন সরকারকে ২০ কোটি ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ২৬৩ কোটি ৭৬ লক্ষাধিক টাকা) জরুরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে চীন। এই মূল্যের খাদ্যসামগ্রী ও নভেল করোনাভাইরাসের টিকা পাবে আফগানিস্তান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি গতকাল (০৮ সেপ্টেম্বর) বুধবার আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে আফগান সরকারের জন্য এই সহায়তার ঘোষণা দেন। এসব দেশকে আফগানিস্তানের পুনর্গঠনে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, “বিগত দুই দশকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যা করেছে, সেটি আমাদের দেখিয়েছে-অযাচিত সামরিক আগ্রাসনের ফল কতটা ভয়াবাহ হয় এবং কেউ নিজের মতাদর্শ ও দৃষ্টিভঙ্গি অন্যের ওপর চাপিয়ে দিতে কী কী করা যায়।”
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই ঘোষণা দেন।
তালেবানের নতুন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হবে বলে জানায় চীন। বেইজিং জানায়, আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন অন্তবর্তীকালীন সরকারের প্রয়োজন ছিল।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেয় তালেবান। গত সোমবার সবশেষ প্রদেশ পানশির নিয়ন্ত্রণে নেন তালেবান সদস্যরা। গত ৩০ আগস্ট স্থানীয় সময় রাতে কাবুল ছাড়ে শেষ মার্কিন সেনা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে।
এমবি





