ফিলিপাইনে সুপার টাইফুন হাইয়ানের আঘাতের প্রথম বার্ষিকী আজ শনিবার। ভয়াল দিনটিকে স্মরণ করে দেশটির কয়েক হাজার মানুষ এক পদযাত্রায় অংশ নেয়। মিছিলটি ট্যাকলোবান নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এক বছর আগে এ দিনে ফিলিপাইনের মধ্যাঞ্চলে ঝড়টি আঘাত হানে। ঝড়ে ৭ হাজারের বেশি লোক প্রাণ হারায়। এ ছাড়া কয়েক লাখ লোক গৃহহীন হয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ট্যাকলোবান শহরটি।
এদিকে, সরকার অত্যন্ত মন্থর গতিতে দুর্গত এলাকাগুলোর পুনর্গঠন করছে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো।
তিনি জানান, তার সরকার সমুদ্র উপকূল থেকে দূরবর্তী স্থানে টাইফুনে ক্ষতিগ্রস্তদের জন্য বাসস্থান নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। তবে এতে সময় লাগবে।
ফিলিপাইনের বাসিন্দাদের কাছে ইয়ুলান্ডা হিসেবে পরিচিত হাইয়ান গত বছরের ৮ নভেম্বরে আঘাত হেনে মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
শনিবার ট্যাকলোবানের গণকবরে ধর্মীয় আচার পালন করা হয়। ঝড়ে মারা যাওয়া কয়েক হাজার লোককে এখানে সমাহিত করা হয়েছে।
ঝড়ে চল্লিশ লাখের বেশি লোক গৃহহীন হয়ে পড়ে। এদের অনেকে এখনো অস্থায়ী আশ্রয় শিবিরে বাস করছে।
এদিকে রাজধানী ম্যানিলায় পরিবেশবাদীরা টাইফুন দুর্গতদের সহায়তায় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
টাইফুন দুর্গতদের সংগঠন পিপল সার্জের নেতা এফ্লেদা বাউতিস্তা বলেন, ‘আমরা এক বছর ধরে সরকারের বিভিন্ন ধরনের অবহেলা, দুর্নীতি, প্রতারণা ও দমন সহ্য করছি।’
শনিবার বিক্ষোভকারীরা নগরীর মধ্যাঞ্চলে প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করেছে। প্রেসিডেন্ট এই বার্ষিকী উপলক্ষ্যে এখানে না আসার সিদ্ধান্ত নিয়েছেন।





