ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে প্রতিবাদে দেশটির ১৬০টির বেশি শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করছে হাজারও মানুষ।
স্থানীয় সময় গতকাল (০৩ অক্টোবর) শনিবার ব্রাজিলের বিভিন্ন শহরের ওই বিক্ষোভ থেকে বলসোনারোর অপসারণের দাবি জানানো হয়। খবর সংবাদমাধ্যম বিবিসি’র।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, ব্রাজিলের পরবর্তী নির্বাচনের ঠিক এক বছর আগে বিভিন্ন বিরোধী দল এবং ট্রেড ইউনিয়ন এই বিক্ষোভ পরিচালনা করে। এরই মধ্যে জরিপে দেখা গেছে, জনসমর্থনে পিছিয়ে পড়েছেন বলসোনারো।
অ্যাটলাস ইনস্টিটিউটের একটি জরিপে দেখানো হয়েছে, দেশ পরিচালনায় বলসোনারোর সরকারের সক্ষমতা খারাপ অথবা খুব খারাপ মনে করেন ৬১ শতাংশ ব্রাজিলীয়। বলসোনারো যখন ২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করেন, তখন তাঁর সরকারের কর্মক্ষমতা খারাপ মনে করতেন ২৩ শতাংশ ব্রাজিলীয়।
করোনা মহামারি মোকাবিলায় প্রেসিডেন্ট বলসোনারোর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ব্রাজিলের অনেক মানুষ। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ৬ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এমবি





