নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে এমএইচ-১৭ ফ্লাইটে করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল সন্তানসহ ব্যারি ও ইজ্জি সিম নামে স্কটল্যান্ডের এক দম্পতির।
মালয়েশিয়ার বিমানে করেই তারা সব সময় বিদেশ ভ্রমণ করেন। গত বৃহস্পতিবার ঠিক সময়ে তারা বিমানবন্দরে হাজির হন। তবে মালয়েশিয়ার বিমানটিতে পর্যাপ্ত আসন নেই বলে তাদের জানান বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মীরা। এর কয়েক ঘণ্টা পর তাদের অনেকটা জোর করে অন্য একটি ফ্লাইটে (কেএলএম) তুলে দেয়া হয়।
পরে ব্যারি ও ইজ্জি জানতে পারে, এমএইচ-১৭ ফ্লাইটটি রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে বিমানে থাকা ২৯৮ আরোহীর সবাই নিহত হয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ময়করভাবে বেঁচে যাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ওই দম্পতি। সেদিনের ঘটনা মনে করে তারা বললেন, ‘নিশ্চয় কেউ একজন আমাদের দেখে রেখেছেন।’
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ





