জঙ্গি সংগঠন তালেবানের পাকিস্তান শাখা তাহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র আজম তারেক আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আফগান ও ন্যাটো বাহিনী যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন।

পাকিস্তানি সিকিউরিটি ফোর্সের বরাত দিয়ে দেশটির ডন পত্রিকা জানায়, যৌথ হামলাটি পাকতিকা প্রদেশের লামান অঞ্চলে চালানো হয়। এ ঘটনায় আরো ৩ তালেবান নেতা নিহত হন।

২০১৪ সালে তালেবান গোষ্ঠী ভেঙে যাওয়ার পর একটি অংশের সাবেক মুখপাত্র ছিলেন আজম তারেক। সামরিক অভিযানের কারণে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্ত অবস্থান হারানোয় অনেক পাকিস্তানি তালেবান আফগানিস্তান থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছেন।

পাকিস্তান সীমান্তের নিকটবর্তী লামায় এই জঙ্গিদের অবস্থান নিশ্চিত হওয়ায় চারটি হেলিকপ্টার গানশিপ ও দুটি ড্রোনের সহায়তায় স্থল বাহিনী অভিযানটি চালিয়েছে। প্রায় চার থেকে পাঁচ ঘণ্টারও বেশি এই অপারেশন চলে।

পরবর্তীতে জানা যায়, অভিযানে তারেক সহ তার ছেলে এবং আরো নয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে তালেবান আরো তিনজন নেতা রয়েছেন। কিন্তু তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ডন।


এমএনজে