ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার ২৪ ঘণ্টা না পেরোতেই এবার বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (০৮ জানুয়ারি) মধ্যরাতে দুটি কাতিউশা রকেট গ্রিন জোনের অভ্যন্তরে আছড়ে পড়ে। তবে এই হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।

সিএনএনের খবরে বলা হয়, বাগদাদে অবস্থানরত সিএনএন দল গ্রিন জোনের ভেতর থেকে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। তবে কোথা থেকে রকেটগুলো চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইরাকি যৌথ সামরিক কমান্ড সিএনএনকে জানিয়েছে, দুটি কাতিউশা রকেট বাগদাদের গ্রিন জোনের অভ্যন্তরে এসে পড়েছিল। হতাহতের কোনো খবর নেই।

ইরাকি প্রধানমন্ত্রীর নিরাপত্তা কার্যালয় থেকে বলা হয়েছে, যে দুটি রকেট বাগদাদের আন্তর্জাতিক এলাকায় পড়েছে, যেখানে ন্যাটো বাহিনী রয়েছে।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রকেট হামলায় বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাগদাদ। সঙ্গে সঙ্গে গ্রিন জোনের সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিক এই হামলায় হতাহতের বিষয়ে অথবা কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে তেহরানের ব্যালিস্টিক মিসাইল হামলার প্রায় ২৪ ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটলো। ওই হামলায় হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে ইরান দাবি করেছে করলেও আমেরিকা এই দাবি নাকচ করে দিয়েছে।

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বুধবার জাতির উদ্দেশে ভাষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বুধবার ভোররাতে ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো সৈন্য মারা যায়নি, ক্ষয়ক্ষতি হয়েছে খুবই সামান্য। 

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ শীর্ষ জেনারেলদের নিয়ে বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরাকে সামরিক ঘাঁটিতে হামলার পর বোঝা যাচ্ছে যে, ইরান তার অবস্থান থেকে সরে আসছে।

এমবি