সিরিয়ার আজাজে শহর থেকে নিহত ইসলামিক স্টেট নেতা আবু বকর আল-বাগদাদির বোনকে আটক করা হয়েছে বলে তুরস্কের এক প্রবীণ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এবং তাকে আটক করা স্বামী ও পুত্রবধূকেও জিজ্ঞাসাবাদ করছেন।
তুর্কি নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আটক বাগদাদির বোনের নাম রাসমিয়া আওয়াদ (৬৫)। আটক করার সময় তাঁর পাঁচ সন্তানও সঙ্গে ছিল।
তুর্কি নিরাপত্তাবাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি, বাগদাদির বোনের মাধ্যমে আমরা আইএসের অভ্যন্তরীণ কর্মকাণ্ডের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারব।’
এরই মধ্যে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএস। সেইসঙ্গে নতুন প্রধানের নামও ঘোষণা করেছে তারা। এখন থেকে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশি আইএস প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। মেসেজিং সার্ভিস টেলিগ্রামের মাধ্যমে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে আইএস এ খবর জানায়। সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে।
বিবৃতিতে আইএসের পক্ষ থেকে আরো বলা হয়, আল-কুরাইশি একজন প্রবীণ যোদ্ধা। তিনি এর আগে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধও করেছিলেন। এ ছাড়া তাঁকে নবী হজরত মুহাম্মদ (সা.)-এর বংশধর বলেও দাবি করা হয়।
এর আগে গত ২৬ অক্টোবর মার্কিন বাহিনীর অভিযানে সিরিয়ার একটি গোপন আস্তানায় আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন বলে দাবি করেছিল মার্কিন সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক ঘোষণায় এমন দাবি করেন।
এম বিল্লাহ





