বাজার অর্থনীতি নিয়ে কাজ করে এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন ফরাসি অধ্যাপক জাঁ ত্রিঞ্চলা। 'দ্যা রয়েল সুইডিশ অ্যাকাডেমি ফর সায়েন্সেস' সোমবার অর্থনীতিতে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা করে।

নোবেল কমিটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ‘বর্তমান সময়ের প্রভাবশালী অর্থনীতিবিদদের অন্যতম হচ্ছেন জাঁ ত্রিঞ্চলা।’

এতে আরও বলা হয়, (অর্থনীতির) বিবিধ বিষয়ে তাত্ত্বিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তবে তার সবচেয়ে বড় অবদান হলো, কীভাবে অল্পসংখ্যক শক্তিশালী প্রতিষ্ঠান নিয়েও শিল্পে উন্নত হওয়া যায় সে বিষয়ে তার নীতি-নির্ধারণীমূলক গবেষণা। জাঁ ত্রিঞ্চলা ১৯৮০’র দশক থেকে বাজার-ধস (মার্কেট ফেইলার) নিয়ে গবেষণা করেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম প্রতিক্রিয়ায় ত্রিঞ্চলা বলেছেন, ‘নোবেল পুরস্কার পেয়ে আমি খুব সম্মানিত বোধ করছি। এবং এটা আমাকে আরও কাজে উদ্বুদ্ধ করবে।’

১৯৫৩ সালের ৯ আগস্ট ফ্রান্সের ত্রয়েসে জন্ম তিরোলের।

প্রসঙ্গত, ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কারের প্রবর্তন। প্রথমে পাঁচটি বিষয়ে এই পুরস্কার দেওয়া হতো। বিষয় পাঁচটি হলো—চিকিৎসাবিদ্যা, পদার্থবিজ্ঞান, রসায়ন, শান্তি ও সাহিত্য।

১৯৬৯ সালে প্রথমবারের মতো অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।

এসএমএ