ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ফের শরণার্থীদের নৌকাডুবির ঘটনা ঘটেচে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- UNHCR।

নিহতদের মধ্যে এ পর্যন্ত শিশুসহ পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৬৫ জনকে। এখনো উদ্ধার কাজ অব্যাহত আছে।

শরণার্থীদের মধ্যে বেশিরভাগই সুদানের নাগরিক। উদ্ধার করা হয়েছে মিসর, মরক্কো আর তিউনিসিয়ার কয়েকজন অভিবাসনপ্রত্যাশীকেও। গেল সপ্তাহেই অভিবাসীবোঝাই নৌকা ডুবে প্রাণ যায় প্রায় শতাধিক মানুষের; এ বছর এখন পর্যন্ত এ সংখ্যা প্রায় ৯শ’।

ভূমধ্যসাগর হয়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার সময়, এ বছর সাগরে ভাসমান সাড়ে পাঁচ হাজার আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে লিবীয় কোস্টগার্ড। এ অবস্থায়, উদ্ধারকাজ পরিচালনাকারী বেসরকারি সাহায্য সংস্থাগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ইউরোপীয় রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। উদ্ধার হলেও কোনো দেশে আশ্রয় না পাওয়ায় উত্তাল সাগরে ভাসছে কয়েকশ’ আশ্রয়প্রার্থী।

এদিকে নৌকাডুবিতে হতাহতের তালিকায় কোন বাংলাদেশি নেই বলে জানিয়েছেন ত্রিপলিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী।

রাষ্ট্রদূত বলেন, লিবিয়ার কোস্টগার্ড, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাসহ স্থানীয় কতৃপক্ষের সঙ্গে যোগাযোগে তারা এ তথ্য পেয়েছেন যে, মঙ্গলবারের ওই ঘটনায় এ পর্যন্ত ৫টি মরদেহ এবং ৬৫ জনকে জীবিত উদ্ধার করা গেছে। এদের মধ্যে কোন বাংলাদেশি নেই।

জেড