ইউক্রেনকে ঘিরে রাশিয়া ও আমেরিকার মধ্যে যখন টানাপড়েন চরমে পৌঁছেছে তখন রাশিয়ার আঙিনায় সামরিক মহড়া চালাতে যাচ্ছে ওয়াশিংটন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশ্চিমা কর্মকর্তা প্রেস টিভিকে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পোল্যান্ড ও এস্তোনিয়ায় এ মহড়া চালানোর পরিকল্পনা করা হয়েছে। পূর্ব ইউরোপের আরো কিছু দেশ এ মহড়ার আওতায় আসতে পারে। টানা দু’সপ্তাহ ধরে এ মহড়া চলবে।
এর আগে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট শুক্রবার খবর দিয়েছিল, ওবামা প্রশাসন পোল্যান্ডে হাজার হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছে। যুক্তরাষ্ট্র সফররত পোলান্ডের প্রতিরক্ষামন্ত্রী টমাস সিয়েমোনিক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেলের সঙ্গে সাক্ষাতের পর ওয়াশিংটন পোস্টের দপ্তর সফরে গিয়ে এ খবর জানান।
তিনি আরো বলেন, পোল্যান্ডে আমেরিকার স্থলবাহিনী মোতায়েনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে আগামী সপ্তাহে। ইউক্রেন পরিস্থিতির কারণে মধ্য ও পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো উপস্থিতি জোরদার করার অংশ হিসেবে এসব সেনা মোতায়েন করা হবে।
এদিকে আমেরিকার রাজনৈতিক ভাষ্যকার ডন ডেবার বলেছেন,  রাশিয়ায় হামলা চালানোর পূর্ণ প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ সেনাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলছে মার্কিন বাহিনী। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২০  এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই