ভারতে ১১ কোটি ৩০ লাখ মানুষ বেকার বলে দেশটির সর্বশেষ আদমশুমারির প্রতিবেদনে উঠে এসেছে। ২০১১ সালে চালানো এ আদমশুমারির প্রতিবেদন আজ বুধবার প্রকাশ করা হয়েছে।

ভারতের ১৫ থেকে ৬০ বছরের মানুষদেরকে কর্ম উপযোগী বয়সের বলে গণ্য করা হয় এবং দেশটিতে এ বয়সসীমার মানুষের সংখ্যা ৭৪ কোটি ৮০ লাখ। এদের মধ্যে ১৫ শতাংশই বেকার বলে আদমশুমারির এ প্রতিবেদনে উঠে এসেছে।

ভারতের ৭ কোটির বেশি পরিবার বা বাড়িতে বেকার রয়েছে অর্থাৎ ভারতের মোট পরিবারের ২৮ শতাংশের মধ্যেই বেকার সদস্য রয়েছে। ২০০১ সালে ভারতে বেকার সদস্য রয়েছে এমন পরিবার ছিল ২৩ শতাংশ। গত এক দশকে এ সংখ্যা ৫ শতাংশ বেড়েছে। গত তিন বছরে ভারতে কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো প্রবৃদ্ধি হয়নি বা কর্মসংস্থানে সহায়তা করে এমন কোনো নীতিও নেয়া হয়নি।

অবশ্য, ভারতে বেকারের সংখ্যা ১১ কোটি ৩০ লাখেরও বেশি হবে বলে দেশটির কোনো কোনো সংবাদ মাধ্যম দাবি করছে। এ সব খবরে বলা হয়েছে, পরিবার পিছু বেকার সংখ্যা প্রকাশ করা হয়েছে আদমশুমারির প্রতিবেদনে। এতে হিসাবের সুবিধার জন্য পরিবার পিছু সর্বোচ্চ বেকার সংখ্যা ‘চার জনের বেশি’ ধরা হয়েছে। অর্থাৎ চূড়ান্তভাবে পরিবার পিছু বেকার সংখ্যা চারজন ধরেই হিসাব করা হয়েছে।

এ ছাড়া, ভারতের আদমশুমারির প্রতিবেদন বেকারদের ‘কর্ম সন্ধানী বা কর্ম ইচ্ছুক’হিসেবে চিহ্নিত করা হয়েছে। গৃহবধূ, ছাত্রসহ অন্যান্য জনগোষ্ঠী থেকে বেকারদের আলাদা করার জন্য এমনটি করার কথা বলা হয়েছে। সূত্র: আইআরআইবি

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ