মিসরের প্রেসিডেন্ট ভবনের কাছে বোমা বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এতে প্রায় ৬ জন আহত হয়েছেন।
সোমবার দেশটির রাজধানী কায়রোর হেলিওপোলিস এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাস্তায় পুতে রাখা দু’টি বোমা নিস্ক্রিয় করতে গেলে এ ঘটনা ঘটে। প্রথম বোমাটি তারা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে তবে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি ক্ষমতায় বসার পর গত সপ্তাহে কায়রোতে এ রকম একটি হামলায় ৮ জন আহত হয়।
এদিকে এ ধরনের কোন ঘটনায় মুসলিম ব্রাদারহুড সম্পৃক্ত নয় বলে জানিয়েছে দলটি। সূত্র : আল-জাজিরা
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





