অপর্যাপ্ত পারিশ্রমিক এবং কাজের প্রতিকূল পরিবেশের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্বখ্যাত খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের কর্মীরা। বিক্ষোভরত শ্রমিকেরা রাস্তা অবরোধ করলে অন্তত ২৩ জনকে আটক করে পুলিশ। শনিবার এ খবর জানিয়েছে প্রেসটিভি।
ওয়ালমার্টের অর্ধেকেরও বেশি মালিকানার অধিকারী ওয়ালটন পরিবার। এই পরিবারটি বিশ্বের অন্যতম সেরা ধনী পরিবারগুলোর একটি। অথচ তাদেরই প্রতিষ্ঠান ওয়ালমার্টের কর্মীরা অত্যন্ত অল্প পারিশ্রমিকে কাজ করে থাকেন। এই বৈষম্য এবং ক্ষোভ থেকেই রাস্তায় নেমে আসেন তারা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলস শহরের নিকট এ বিক্ষোভ করেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ সেখান থেকে নারী শ্রমিকসহ অন্তত ২৩ জনকে আটক করেছে।
লস এঞ্জেলস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘণ্টায় ১৫ ডলার পারিশ্রমিক এবং পূর্ণকালীন চাকরির দাবিতে শ্রমিকরা প্রথমে দোকানের পার্কিং লটে অবস্থান ধর্মঘট পালন শুরু করে।
ইউনাইটেড ফুড এন্ড কমার্শিয়াল ওয়ার্কার্স (ইউএফসিডব্লিউ) ইউনিয়ন এবং 'ওইউআর ওয়ালমার্ট' নামে দু'টি শ্রমিক সংগঠন এ আন্দোলন পরিচালনা করছে।
ইউএফসিডব্লিই তাদের ওয়েবসাইটে জানিয়েছে, 'নারী শ্রমিকদের গর্ভকালীন নীতির পরিবর্তন, আরও বেশি সময় কাজের সুযোগ এবং বেতন বৃদ্ধির দাবিতে গত এক বছর ধরে ওয়ালমার্টকে চাপ সৃষ্টি করছেন শ্রমিকরা।'
সংগঠনটি আরও জানিয়েছে, উপযুক্ত বেতন ও কর্ম পরিবেশের উন্নয়নের দাবি জানানো শ্রমিকদের সঙ্গে ওয়ালমার্ট কর্তৃপক্ষ প্রতিহিংসামূলক আচরণ করেছে।
ওয়ালমার্ট শ্রমিকদের বড় অভিযোগ হলো, তাদের অনেক শ্রমিক খুব অল্প বেতন পায় এবং মাঝে মধ্যে পার্টটাইম কাজ করেন।
ফরচুন গ্লোবালের মতে, ২০১৪ সালে রাজস্ব প্রদানকারী ৫০০ প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে ওয়ালমার্ট। যাদের রাজস্বের পরিমাণ ৪৭৬ বিলিয়নেরও বেশি।
সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকান ফাস্ট ফুড এবং খুচরা শ্রমিকদের অল্প বেতনের প্রতিবাদ বেড়েছে। গত সেপ্টেম্বরে আমেরিকার ১৫০টি শহরে হাজার হাজার ফাস্ট ফুড শ্রমিক বিক্ষোভ সমাবেশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশে গার্মেন্টসে কাজের পরিবেশসহ শ্রমিকদের অধিকার নিয়ে যেকয়টি দেশ সবচেয়ে সোচ্চার তার মধ্যে আমেরিকা অন্যতম।
এআর, এমএ





