সাবেক তালেবান নেতা মোল্লা ওমরের ছেলেকে খুন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কিছু গণমাধ্যম।

মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব কয়েকদিন আগে খুন হয়েছেন বলে দৈনিক আউটলুক পত্রিকা আফগানিস্তানের সংসদ সদস্য জহির কাদিরকে উদ্ধৃত করে এ কথা জানায়।

জহির কাদিরের দাবি, মোল্লা ইয়াকুব তালেবান সংগঠনে তার বাবার স্থলাভিষিক্ত হতে চেয়েছিলেন। কিন্তু সংগঠনটির সদ্য নির্বাচিত নেতা মোল্লা আখতার মনসুরের হাতে রহস্যজনকভাবে তিনি খুন হন।

জহির কাদিরকে উদ্ধৃত করে দেশটির বেসরকারি টিভি চ্যানেল টোলো-ও মোল্লা ইয়াকুবের মৃত্যুর খবর দিয়েছে।

তবে তালেবানরা এ খবর সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

এদিকে আফগানিস্তানের তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট ফিদাই মাহনাজ সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, মোল্লা মনসুর বিষপ্রয়োগে মোল্লা ওমরকে হত্যা করেছেন।

মোল্লা মনসুরের তালেবানের শীর্ষপদে নিয়োগ নিয়ে সংগঠনটির মধ্যে তীব্র বিরোধ, এমনকি কোথাও কোথাও প্রাণঘাতী লড়াই শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

মোল্লা মনসুরের শীর্ষ পদে আরোহনের প্রতিবাদে তালেবানের কাতারের রাজনৈতিক অফিসের প্রধান সৈয়দ তৈয়ব আগা সোমবার রাতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সূত্র: বিবিসি

এসএইচ