পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই’র নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতার।

এক পাক সেনা কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইএসআই’র পরবর্তী মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল আখতার।

পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের সঙ্গে জেনারেল আখতারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। জেনারেল আখতারকে সেপ্টেম্বর মাসে এ পদে নিয়োগ দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আইএসআই’র প্রধানের পদ থেকে লেফটেন্যান্ট জেনারেল জহিরুল ইসলামের অবসরে যাওয়ার এক মাসেরও বেশি সময় আগে তাকে নিয়োগ দেয়া হয়।

পাকিস্তানে সে সময় চলমান টানাপড়েনের মধ্যে নতুন করে বিতর্ক এড়ানোর জন্য এ নিয়োগ দেয়ার ঘোষণা আগেভাগে দেয়া হয় বলে ধারণা করা হয়েছে।

পাকিস্তান বর্তমানে অভ্যন্তরীণ ও বাইরের নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তেহরিকে তালেবান পাকিস্তান দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে এবং নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য উগ্রবাদী এ গোষ্ঠী মধ্যপ্রাচ্যের আইএসআইএলের সঙ্গে নতুন করে জোট গঠনের প্রচেষ্টা করছে।

অন্যদিকে ইমরান খানেরর নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ রাজধানী ইসলামাবাদে কয়েক সপ্তাহ ধরে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে। ফলে দেশটির সরকারি কর্মকাণ্ড মারাত্মক ভাবে অচল হয়ে পড়েছে এবং সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের মধ্যে বিরাজমান সম্পর্ক নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। আর সে সময়ে দেশটির নতুন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল আখতার।

ইআর