ইরাকের আনবার প্রদেশে ৪৫ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে সশস্ত্র সুন্নি বিদ্রোহী গ্রুপ ইসলামিক স্টেট (আইএস)।

দেশটির আনবার প্রদেশের আল বাগদাদি শহরে নৃশংস এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

নিহতদের পরিচয় জানা যায়নি। তারা কেন নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবেও পরিষ্কার নয়। তবে আল বাগদাদি শহরের পুলিশ প্রধান কর্নেল কাসিম আল ওবাইদি বলেছেন, নিহতদের মধ্যে নিরাপত্তাবাহিনীর কর্মীরাও থাকতে পারেন।

গত সপ্তাহে আল বাগদাদির বেশিরভাগ অংশ দখল করে নেয় আইএস। এরপর নিরাপত্তাবাহিনীর কর্মীদের পারিবারিক ভবন এবং স্থানীয় কর্মকর্তাদের কার্যালয়ে হামলা চালায় তারা।

বাগদাদি শহরের পুলিশ প্রধান কাসিম আল ওবাইদি ইরাক সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শহরটি পুনরুদ্ধারে সাহায্য চেয়েছেন।

প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিকে জর্ডানি এক পাইলটকে খাঁচার ভেতর বন্দী করে পুড়িয়ে হত্যা করার ভিডিওচিত্র প্রকাশ করে আইএস।

জেআই