স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্টে ভোটা-ভুটিতে ফের সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন স্বাধীনতাপন্থীরা। অর্ধেকের বেশি ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে স্বাধীনতাকামী সংগঠনগুলো।
স্থানীয় সময় বৃহস্পতিবার এ ভোট অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নির্বাচনে স্পেন রাষ্ট্র পরাজিত হয়েছে বলে ঘোষণা করেছেন বেলজিয়ামের ব্রাসেলসে নির্বাসিত থাকা কাতালোনিয়ার স্বাধীনতাকামীদের নেতা কার্লোজ পুজমেন্ট। তিনি বলেন, এটা কাতালন প্রজাতন্ত্রের জন্য বড় বিজয়।
এই বিজয়ের অধিকার কারা প্রতিষ্ঠা করবে সে বিষয়টি অবশ্য স্পষ্ট নয়। কেননা স্পেন বরাবরই কাতালানবাসীর দাবিকে উপেক্ষা করে আসছে। এমন কি গত অক্টোবরে কাতালোনিয়ায় স্বাধীনতার পক্ষে অনুষ্ঠিত গণভোটকে অবৈধ ঘোষণা করে সরাসরি শাসন জারি করেছে স্পেন সরকার।
অবশ্য স্পেনে প্রধানমন্ত্রী ম্যারিয়ানো রাজয় আশা করেছিলেন যে, এবারের ভোট স্থিরতা ফিরিয়ে আনবে। কিন্তু ভোটের ফল বলছে, রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবারের ভোটে রাজয়ের কনজারভেটিভ পপুলার পার্টির (পিপি) ফল রেকর্ড মাত্রায় খারাপ হয়েছে। তবে সিটিজেনস পার্টি কাতালোনিয়ান স্পেনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে দেখতে চায়।
এদিকে, সমর্থকদের উদ্দেশে বেলজিয়ামে কার্লোজ পুজমেন্ট এক টেলিভিশনে বলেন, এ ফল কেউ উপেক্ষা করতে পারবে না। কাতালোনিয়ার প্রজাতন্ত্র ভোটে জয়লাভ করেছে, পরাজিত হয়েছে স্পেন।
এতে প্রধানমন্ত্রী রাজয় ও তার মিত্রদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে বলেও মনে করছেন পুজমেন্ট। সূত্র: বিবিসি
এমআর





