শুক্রবার ভারতীয় পুলিশের ছোঁড়া গুলিতে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। এর প্রতিবাদে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠে কাশ্মির।
মৃত কিশোরের নাম মোমিন আলতাফ। শুক্রবার জম্মু-কাশ্মীরের হারওয়ানে পুলিশের গুলিতেই মোমিনের মৃত্যু হয় বলে অভিযোগ করে তার পরিবার।
পুলিশের পক্ষ থেকেও জানানো হয়, ওই কিশোরকে যখন উদ্ধার করা হয় তখন তার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। তবে পুলিশের গুলিতে মোমিন আলতাফের মৃত্যু হয়নি বলে পরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দাবি তোলা হয়।
শনিবার সকালে মৃত কিশোরের জানাজার জন্য তার বাড়িতে বহু সাধারণ মানুষ হাজির হন।
এই ঘটনার জেরে নতুন করে দক্ষিণ কাশ্মীরের বহু এলাকাতেই বিক্ষোভ সংঘর্ষের ঘটনা শুরু হয়েছে।
হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই সংঘর্ষের ঘটনা ঘটতে শুরু করে। এরপর সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আবারও উত্তাল হয়ে উঠেছে কাশ্মির।
ঈদের দিনও দুই ব্যক্তির মৃত্যু হয়। নিরাপত্তা জোরদার করা হলেও বিক্ষোভ -সংঘর্ষের জেরে প্রায় প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে কাশ্মীর।
গত দুমাসে সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ও সাধারণ মানুষ সহ প্রায় ৮৫ জনের মৃত্যু হয়েছে।
এমএনজে





