উগান্ডায় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ৪১ অস্ত্রধারী নিহত হয়েছে। শনিবার বুন্দিবুগৌ জেলার গণপ্রজাতন্ত্রী কঙ্গোর সঙ্গে সীমান্ত সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ ঘটে। খবর এএফপি'র।

রোববার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র প্যাডি আনকুন্দা বলেন, 'বুন্দিবুগৌয়ে উপজাতীয় অস্ত্রধারীরা আমাদের ব্যারাকে হামলা চালায়। পাল্টা জবাব দিলে ৪১ হামলাকারী নিহত হয়। হামলাকারীদের বিরুদ্ধে এখনও অভিযান চলছে।'
তিনি জানান, হামলাকারীরা সেনাবাহিনীর নয়টি রাইফেল নিয়ে গেছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই ঘটনায় এক সেনা ও তিন শিশু নিহত হয়েছে।

দেশটির পুলিশের মুখপাত্র ফ্রেড ইনাঙ্গা জানান, শনিবার কেসিসি জেলায় পুলিশি নিরাপত্তা চৌকিতে অস্ত্রধারীদের হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

তবে এসব হামলার বিষয়ে বিদ্রোহী সংগঠনের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেছে সেনাবাহিনী ও পুলিশ। তারা জানিয়েছে, স্থানীয় গোত্রের সশস্ত্র দল হামলাগুলো চালিয়েছে।

ঢাকা. ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ