দুই দিনের সফরে আগামী শনিবার ঢাকায় আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এটা অ্যাবের প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০০ সালে সর্বশেষ জাপানি প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা সফর করেন ইয়োশিরো মোরি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সফরে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
এছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম আয়োজিত এক সেমিনারেও বক্তৃতা দেবেন অ্যাবে। বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য উন্নীত করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, এফবিসিসিআই এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেইটআরও)।
আগামী রবিবার তিনি ঢাকা ছাড়বেন।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





