ভারতের তামিলনাড়ু রাজ্যে ধুতি পরাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক নিরসন করতে রাজ্য সরকারকে আইন পাস করতে হয়েছে। গতমাসে রাজ্যের একটি ক্লাবে মাদ্রাজ হাইকোর্টের একজন বিচারপতিকে ধুতি পরে ঢুকতে না দেয়ার পর এ বিতর্ক শুরু হয়।

এ বিতর্কের ইতি টানতে মঙ্গলবার তামিলনাড়ু বিধানসভায় ধুতি বিল পাস হয়। এই আইনে ধুতি পরার জন্য কাউকে ক্লাব বা অন্য কোনো জায়গায় প্রবেশে বাধা দিলে সেই সংস্থার লাইসেন্স বাতিল করা হবে।

পাশাপাশি এই অপরাধের জন্য এক বছরের জেল ও ২৫ হাজার রুপি জরিমানাও হতে পারে অভিযুক্ত সংস্থার। এই আইনের বলে তামিলনাড়ুর ঐতিহ্যবাহী পোশাক ধুতিকে আইনি সুরক্ষা দেয়া হলো বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

গত মাসে ধুতি পরে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্লাবের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হরিপরান্থমান। কিন্তু ধুতি পরে যাওয়ার ‘অপরাধে’ তাকে গেটে আটকে দেয়া হয়। এর পরই রাজ্যজুড়ে বিতর্কের ঝড় ওঠে। এই ইস্যুতে শোরগোল পড়ে যায় বিধানসভাতেও। এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ দাবি করে বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলো। একই সঙ্গে এই ঘটনার পর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি হরিপরান্থমান।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই