আফগানিস্তানের বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাই তার জন্য বিশেষভাবে বিপুল অর্থ ব্যয়ে তৈরি বাড়িতে না উঠে সাধারণ একটি বাড়িতে উঠার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রেসিডেন্টের পদ ছেড়ে দেয়ার পর কারজাইয়ের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিরাট একটি এলাকাজুড়ে নির্মিত বাড়িটিতে উঠার কথা ছিল। এর ফলে তার দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার ইচ্ছা রয়েছে বলে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়। খবর এএফপি’র।
কিন্তু তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে একটি ডিক্রি জারি করেন যে এই সম্পত্তিটি বিদেশী অতিথি ও পরবর্তী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে আসা প্রতিনিধিদের জন্য একটি রাষ্ট্রীয় অতিথি-ভবন হওয়ার জন্যই বেশি উপযুক্ত।
বৃহস্পতিবার প্রেসিডেন্টের মুখপাত্র আইমাল ফাইজি বলেন, ‘বাড়িটি অবসরপ্রাপ্ত প্রেসিডেন্টের (কারজাই) জন্যই তৈরি করা হয়েছিল এবং আজকে তার উদ্বোধনের কথা ছিল।’
তিনি আরো বলেন, ‘কিন্তু প্রেসিডেন্ট কারজাই এখানে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এটা বেশি বড় এবং তিনি বলেছেন যে এটাকে সরকারি অতিথিশালা বানালেই ভাল হবে।’
মুখপাত্র বলেন, ‘তিনি শেষ মুহূর্তে তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি। তিনি বাড়িটি নির্র্মাণের সময় প্রকল্পটি ঘুরে দেখে মন্তব্য করেন যে একজন সাধারণ আফগানের জীবনযাত্রার চেয়ে বাড়িটির মান খুব বেশি। সুতরাং এটা তার ভবিষ্যত বাসভবন হবে না।’
ফাইজি আরো বলেন, ‘সাধারণ আফগান নাগরিকরা যে ধরনের বাড়িতে থাকেন, কাবুলে সে ধরনের একটি সাধারণ বাড়িতে তিনি বাস করবেন। এটা নব নির্মিত কোন বাড়ি নয়। মানুষ শিগগির বাড়িটির কথা জানতে পারবে।’
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





