ফিদেল ক্যাস্ট্রো নোবেল পুরস্কারের চীনা সংস্করণ ‘কনফুসিয়াস শান্তি পুরস্কার’ লাভ করেছেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ঘনিষ্ঠ একটি সংবাদপত্রে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ অবদান’ রাখার জন্য কিউবার সাবেক নেতার প্রশংসা করা হয়।

বৃহস্পতিবার রাষ্ট্র পরিচালিত গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই, জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এবং মস্কো ও বেইজিংয়ের নেতৃত্বে গঠিত আঞ্চলিক গ্রুপ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনসহ এক্ষেত্রে মনোনয়ন পাওয়া ২০ জনের বেশী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ক্যাস্ট্রো চীনের এ বছরের ‘কনফুসিয়াস শান্তি পুরস্কার’ লাভ করেন।

ওই সংবাদপত্রের খবরে আরো বলা হয়, ১৬ সদস্য বিশিষ্ট বিচারকমন্ডলীর মধ্যে নয়জন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করেন।

২০১০ সালে এ পুরস্কার চালু করা হয়। কারাবন্দি চীনের ভিন্নমতাবলম্বী নেতা লিউ জিয়াওবো নোবেল পুরস্কার পাওয়ার মাত্র দু’দিন আগে প্যানেল আকস্মিকভাবে এ রহস্যময় পুরস্কারের ঘোষণা দেয়। এতে জল্পনা কল্পনা করা হয় যে সরকারের দিকনির্দেশনা অনুযায়ী এটি চালু করা হয়েছে।

কিউবার এক শিক্ষার্থী মঙ্গলবার একটি অনুষ্ঠানে ক্যাস্ট্রোর পক্ষে এ বছরের পুরস্কার গ্রহণ করেন। পাকিস্তানের নারী শিক্ষা কর্মী মালালা ইউসুফজাই ও ভারতের শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থি অসলোতে তাদের নোবেল শান্তি পুরস্কার গ্রহণের মাত্র একদিন আগে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হলো।

গ্লোবাল টাইমস’র প্রতিবেদনে বলা হয়, ‘দায়িত্ব পালনকালে ক্যাস্ট্রো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিরোধ নিরসনে কখনো সহিংতার পথে যাননি বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়াননি।’

এমএ