প্রিয়াঙ্কা গান্ধীনির্বাচনী প্রচারণায় কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধীর চেয়েও অনেক সুন্দরী বিজেপিতে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার। আজ বুধবার ওই নেতা এ মন্তব্য করেন। ভারতের সংবাদমাধ্যমগুলোতে এ কথা বলা হয়েছে।

বিনয়ের মন্তব্যে হেসে দিয়ে কংগ্রেস দলের প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, তাঁর ওই মন্তব্য ‘নারীর প্রতি বিজেপির মানসিকতাই প্রকাশ পায়।’ এক বিবৃতিতে প্রিয়াঙ্কা বলেন, ‘ভারতের জনসংখ্যার অর্ধেক সম্পর্কে বিজেপির যে মানসিকতা, সেটাই প্রকাশ করেছেন তিনি।’

এর আগে আজ কাটিয়ার বলেন, ‘আসন্ন উত্তর প্রদেশের নির্বাচনে প্রিয়াঙ্কা একজন “তারকা প্রচারক” বলে তিনি মনে করেন না। কারণ, আরও অনেক প্রচারক রয়েছেন, যাঁরা তাঁর চেয়ে অনেক বেশি সুন্দরী।’

‘তারকা প্রচারক’‍ প্রিয়াঙ্কা কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারণায় উত্তর প্রদেশে যাচ্ছেন। এতে কি কংগ্রেস কোনো সুবিধা পাবে কি না, সংবাদমাধ্যম টাইমস নাওয়ের এমন প্রশ্নের জবাবে কাটিয়ার বলেন, ‘তারকা প্রচারক কী? আমি মনে করি না এটা কোনো কাজে আসবে। সেখানে আরও অনেক বেশি সুন্দরী অনেক নারী প্রচারক রয়েছেন। তাঁরা নায়িকা। তাঁদের অনেকেই অনেক বেশি সুন্দর।’

বিনয়ের এই বক্তব্যের পর কংগ্রেসের মুখপাত্র আরএস সূর্যেওয়ালা বলেন, ‘তাঁর এই বাজে মন্তব্য ভারতের নারীদের প্রতি বিজেপি নেতাদের নিচু মানসিকতাকেই তুলে ধরে। প্রধানমন্ত্রীকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।’

‘তারকা প্রচারক’ বলতে বিজেপির ওই নেতা ভেবেছেন রাজনৈতিক প্রতিভার চেয়ে কোনো নারী দেখতে কেমন, সেটাই গুরুত্বপূর্ণ। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারের কাজে যে তারকাদের ব্যবহার করা হবে, সম্প্রতি তাঁদের নামের একটি তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। সেখানে প্রিয়াঙ্কা গান্ধীর নামও রয়েছে।

জারিফ