পাকিস্তানের এআরওয়াই নিউজ চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বিচার বিভাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ১৫ দিনের জন্য বেসরকারি এ চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।এ ছাড়া চ্যানেলটিকে ৯৭ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
গত সপ্তাহে আদালত এক নির্দেশনায় চ্যানেলটির উপস্থাপক মুবাশ্বের লুকমানের ওপর দেশটির যে কোনো চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
তবে অভিযোগ উঠেছে, সরকার বিরোধী ঘরানার হওয়ায় চ্যানেলটির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাকিস্তান ইলেট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, আদালতের রায়ের পর থেকেই চ্যানেলটির সম্প্রচার বন্ধ করা হয়েছে। চ্যানেলটি অনেক আগে থেকেই প্রচার বিধিমালা লঙ্ঘন করে আসছে বলে বিবৃতিতে বলা হয়।
অভিযোগ উঠেছে, সম্প্রতি ইমরান খানের দল পিটিআই ও ড. তাহিরুল কাদরির দল পিএটি কর্তৃক সরকারবিরোধী বিক্ষোভের খবর প্রচার করায় চ্যানেলটির বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে, মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে চ্যানেলটির অনুষ্ঠান সম্প্রচারের অনুমতি দেওয়ার আহ্বান জানায় আন্তর্জাতিক এ সংগঠনটি।
প্রসঙ্গত, জুন মাসে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স) সম্পর্কিত খবর প্রচার করায় সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় জিইও নিউজের। সূত্র : আলজাজিরা
ইআর





