ইরানের নৌবাহিনীর ৩৪ তম বহরের যুদ্ধ-জাহাজগুলো এডেন উপসাগরে পৌঁছেছে। এই নৌ-বহরে রয়েছে আলবুর্জ নামের ডেস্ট্রয়ার ও বুশেহর নামের হেলিকপ্টারবাহী রণতরী।

এ অঞ্চলে ইরানের বাণিজ্য জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দেয়া এবং জলদস্যুদের তৎপরতা প্রতিহত করার জন্য টহল অভিযান চালাবে এইসব রণতরী।

জলদস্যুদের মোকাবেলা করার জন্য এডেন উপসাগরসহ আন্তর্জাতিক সমুদ্র-সীমায় বা মুক্ত সাগরগুলোতে ইরানি রণতরীগুলোর উপস্থিতি অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক ম্যারিটাইম সংস্থার অনুরোধের আলোকে এই কর্মসূচি নেয়া হয়েছে বলে ইরানি নৌবাহিনীর প্রধান সাইয়েরি গত শনিবার জানিয়েছিলেন। ইরানি রণতরীগুলোকে সরিয়ে নেয়ার জন্য কেউই হুঁশিয়ারি দিতে পারে না এবং এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

‘ইয়েমেনের বন্দরে ইরানি যুদ্ধ-জাহাজ মোতায়েনের কোনো প্রয়োজন নেই, তবে এডেন উপসাগরে আমাদের জোরালো উপস্থিতি রয়েছে এবং বর্তমানে আমরা এ অঞ্চলে আমাদের রণতরীর ৩৪ তম বহর পাঠাচ্ছি’ বলে ইরানের নৌবাহিনীর প্রধান উল্লেখ করেছিলেন।

সৌদি সরকার ইরানি যুদ্ধ জাহাজগুলোকে হুঁশিয়ারি দিয়েছে এমন খবরও তিনি নাকচ করে দিয়েছেন।

ভারত মহাসাগর, ভূমধ্যসাগর ও সুয়েজ খালকে সংযোগকারী এডেন উপসাগর পশ্চিমা বিশ্বে জ্বালানী তেল পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম। রেডিও তেহরান

 

ইআর