ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জারাফি বলেছেন, সিরিয়ায় হামলা চালালে আমেরিকাকে অনুতপ্ত হতে হবে।
তিনি আরো বলেছেন, “ ইরান সিরিয়াকে সমর্থন দিচ্ছে। সিরিয়ায় আমেরিকার যে কোনো অভিযানই মাস্তানি হিসেবে গণ্য হবে এবং তা নিন্দনীয়। আমেরিকা এ ধরনের কাজ করলে তাকে অনুতপ্ত হতে হবে।”
সিরিয়া ও ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গঠনের মার্কিন সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জেনারেল জাফারি বলেন, আমেরিকা সত্যিই আইএসআইএলকে ধ্বংস করতে চায় কিনা, তা নিয়ে সন্দেহ আছে। তিনি বলেন, আমেরিকা আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও সিরিয়ায় তৎপর অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে।
জেনারেল জাফারি বলেন, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে যুদ্ধ ছড়িয়ে দেয়ার জন্য আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল মিলে আইএসআইএল সৃষ্টি করেছে। তারা এর মাধ্যমে ইসরাইলবিরোধী প্রতিরোধ সংগ্রামকেও দুর্বল করতে চায়।
এরইমধ্যে আমেরিকা আইএসআইএলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তথাকথিত একটি আন্তর্জাতিক কমিটি গঠন করেছে।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





