দিল্লির বিখ্যাত জামে মসজিদের নতুন ইমাম নিয়োগের অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আমন্ত্রণ জানানো হলেও দাওয়াত পাননি নরেন্দ্র মোদী। তাকে মুসলিম বিদ্বেষী এবং গুজরাট দাঙ্গার সঙ্গে জড়িত থাকার অভিযোগেই দাওয়াত দেওয়া হয়নি বলে জানিয়েছে জামে মসজিদ কর্তৃপক্ষ। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
জামে মসজিদের বর্তমান ইমাম সাঈয়্যেদ আহমেদ বুখারী মোদীকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এর কারণ হিসেবে তিনি বলেছেন, "কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিয়েছেন কাকে আমন্ত্রণ জানানো হবে। মোদীর জন্য আমার হৃদয়ে কোন জায়গা নেই। মোদী ভারতীয় মুসলমানদের জন্য কিছু করেননি, এমনকি ক্ষমতায় আসার পরও নয়। ২০০২ সালের গুজরাট দাঙ্গার জন্য ভারতের মুসলমানগণ মোদীকে কখনো ক্ষমা করবে না।"
তবে, প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ না জানালেও তার দল বিজেপি'র চার জন শীর্ষ পর্যায়ের নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ দুজন মন্ত্রীও রয়েছেন। এ ছাড়া কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ২২ নভেম্বর নতুন ইমাম হিসেবে নিযুক্ত হবেন সাইয়্যেদ আহমেদ বুখারীর ছেলে ১৯ বছর বয়সী শাবান। এ উপলক্ষ্যে ২৯ নভেম্বর একটি ডিনারের আয়োজন করেছে মসজিদ কর্তৃপক্ষ। সেই ডিনারের জন্যই এই আমন্ত্রণ জানানো হচ্ছে।
দিল্লির বিখ্যাত বুখারী বংশধরগণই ঐতিহ্যগতভাবে জামে মসজিদের ইমামতি করে আসছেন। মসজিদটি সপ্তদশ শতকে নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান। দিল্লির বিখ্যাত লালদুর্গের প্রবেশপথের ঠিক বিপরীত দিকেই জামে মসজিদের অবস্থান। উল্লেখ্য, এটিই ভারতের বৃহত্তম মসজিদ।





