মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বা সিএআর) সন্ত্রাসী হামলায় জাতিসংঘের অন্তত এক শান্তিরক্ষী নিহত হয়েছেন।

রোববার রাজধানী বাঙ্গিতে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

জাতিসংঘের স্থানীয় মিশন মিনুসকার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

স্থানীয় অধিবাসীরা বলেছেন, তারা স্থানীয় সময় শনিবার রাত তিনটার সময় গুলির শব্দ শুনেছেন। এই গোলাগুলি চলেছে কয়েক ঘণ্টা ধরে।

মিনুসকার এক মুখপাত্র বলেছেন, নানা অপরাধে অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করার জন্য মিশন থেকে ‍অভিযান চালানো হচ্ছিল। এ সময় শান্তিবাহিনীর ওপর গুলি হামলা করা হয়। এতে মিনুসকার এক শান্তিরক্ষী নিহত হন।

মিশনের ওই মুখপাত্র আরও বলেন, হামলায় বেশ কয়েকজন শান্তিরক্ষী আহতও হয়েছেন।

তবে হতাহতের শিকার শান্তিরক্ষীদের নাম-পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই বলেনি জাতিসংঘ শান্তি মিশনটি।

কেএইচ