[b]মুম্বাই:[/b] ভারতের আধাত্মিক নেতা সাইয়েদেনা মোহাম্মদ বুরহানুদ্দিনের লাশ দেখতে গিয়ে ভিড়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৮জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন।
শুক্রবার মাঝরাতে মুম্বাই নগরীর মালবার হিল এলাকায় তার বাসভবনের বাইরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়,আধ্যাত্মিক নেতা সাইয়েদেনা মোহাম্মদ বুরহানুদ্দিনের লাশ এক নজর দেখার জন্য হাজার হাজার ভক্ত তার বাসভবনে জড়ো হয়। এ সময় ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জন নিহত হয়। শুক্রবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ১০২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুরহানুদ্দিন। মৃতের প্রতি ভক্তদের শেষ শ্রদ্ধা জানাতে তার বাসভবন সাইফি মহলের কাছে তার লাশ রেখে দেয়া হয়। তবে ঠিক কি কারণে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে ১৭টি লাশ উদ্ধার করে সাইফি হাসপাতালে এবং বাকি একটি লাশ কুম্বালা হিল হাসপাতালে স্থানান্তরিত করেছে।