স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কলম্বিয়া। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

কলম্বিয়ার রাজধানী বোগোতায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে এক পত্র হস্তান্তরের করে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়। বুধবার ফিলিস্তিনি রাষ্ট্রদূতের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সেটি পড়ে ঘোষণা দেওয়া হয়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দেয়া চিঠিতে কলম্বিয়া বলেছে, ‘কলম্বিয়া সরকারের পক্ষ থেকে আপনাদেরকে অবহিত করতে চাই যে, প্রেসিডেন্ট ম্যানুয়েল স্যান্তোস ফিলিস্তিনকে একটি স্বাধীন, স্বনির্ভর ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ নতুন প্রেসিডেন্ট ইভান ডিউকি তার পূর্বসুরীর নেয়া পদক্ষেপ অনুমোদন করেছেন।

এদিকে ফিলিস্তিনিকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে ইসরাইল।

কলম্বিয়াস্থ ইসরাইলি রাষ্ট্রদূত বৃহস্পতিবার এক বিবৃতি জানান, 'বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে আমরা এখনো প্রত্যাশি। আমরা বিষয়টি পুনরায় বিবেচনার জন্য কলম্বিয়াকে আহবান জানাবো'।

প্রসঙ্গত, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ৭০ শতাংশেরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। শুধু ইসরাইল ও এর ঘনিষ্ঠ মিত্ররা ফিলিস্তিনের সার্বভৌমত্বের বিরোধিতা করে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দেশকে স্বীকৃতি দেয়ার জন্য বরাবরই বিশ্ববাসীর প্রতি আহবান জানিয়ে আসছেন। তার দাবি, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ওই অঞ্চলে শান্তি ফিরে আনতে সহায়তা করবে।

জেড