গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের ১৬ সেনা নিহত হয়েছে। এসময় তাদের তিনটি সামরিক যান ধ্বংস হয়েছে।

শনিবার হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গাজা থেকে সুড়ঙ্গপথে দক্ষিণাঞ্চলীয় ইসরায়েলি শহর এশকোলে চালানো অতর্কিত হামলায় ইসরাইলের ছয় সেনা নিহত হয়েছে।

এ ছাড়া সুড়ঙ্গপথে চালানো অপর দুই হামলায় আরো সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

এদিকে হামাস ইসরায়েলি একটি গাড়ি উড়িয়ে দিলে এক মেজর নিহত হয়। এছাড়া নেগেব মরুভূমির দিমোনা শহরে আরেক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

হামাসের দেয়া হিসাব মোতাবেক গাজায় ইসরাইলি বাহিনীর স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে কমপক্ষে ১৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

যদিও ইসরায়েল এ পর্যন্ত মাত্র তিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে।

টানা ১২ দিনের ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত প্রায় সাড়ে তিনশ’ ফিলিস্তিনি নিহত ও আড়াই হাজারের অধিক আহত হয়েছেন। সূত্র : আল-জাজিরা

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ