মহানবী হযরত মোহাম্মদ (স) এর কার্টুন প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক ইসলাম বিরোধী একটি গোষ্ঠী। আগামী সেপ্টেম্বর মাসে লন্ডনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্যের মুসলিম সংগঠনগুলো ইসলাম বিরোধী গোষ্ঠিটির এমন হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।

শুক্রবার লন্ডনভিত্তিক মুসলিম সেফটি ফোরামের চেয়ারম্যান আজাদ আলী এক বিবৃতিতে বলেন, মোহাম্মদ (স) এর কার্টুন প্রদর্শনীর প্রস্তাব মূলত ব্রিটিশ মুসলিমদের ধৈর্য্যের সীমাকে বিদ্রুপ করার একটা প্রচেষ্টা।

একই সাথে তিনি ইসলাম বিরোধী গোষ্ঠীটির এমন সিদ্ধান্তকে যুক্তরাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টির একটা সস্তা প্রচেষ্টা বলেও মন্তব্য করেন।

আজাদ আলী বলেন, আমরা একটি ইতিবাচক আলোচনার মাধ্যমে এর থেকে বেরিয়ে আসার পথ খুঁজছি।

প্রদর্শনীতে বক্তা হিসেবে চরম ইসলাম বিদ্বেষী বিতর্কিত ডাচ রাজনীতিবিদ গিয়ার্ট উইল্ডারসের উপস্থিত থাকার কথা। কয়েকদিন আগে ডাচ টেলিভিষণে মহানবীর কার্টুন দেখানোর তার এক চেষ্টা ব্যর্থ হয়ে যায়।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সহকারী সাধারণ সম্পাদক মিকদাদ ভার্সি বলেন, মহানবীর কার্টুন প্রদর্শনীর প্রস্তাব এটাই নির্দেশ করে যে ব্রিটেনে ইসলাম ভীতি (ইসলামোফোবিয়া) ব্যাপক আকার ধারণ করেছে। মূলধারার এই ইসলামোফোবিয়া ইসলাম বিরোধীদের মধ্যে অধিক চরমপন্থী মনোভাব জাগিয়ে তোলার একটা প্লাটফর্ম করে দিচ্ছে।

ইসলামে মহানবীর কোনো ধরণের ছবি আঁকা নিষিদ্ধ কিন্তু বহু মুসলিমের অভিযোগ, ইসলাম বিদ্বেষী একটি গোষ্ঠী মহানবীর ছবি ও কার্টুন প্রদর্শনী করে ক্রমাগতভাবে মুসলিমদের প্রতি উপহাস ও বিদ্রুপ করে যাচ্ছে, মুসলিমদের কাছে যেটা জঘন্য ও বর্ণবাদী আচরণের সামিল।

একই কার্টুন ২০১৪ সালে ফ্রান্সের ব্যাঙ্গাত্মক ম্যাগাজিক শার্লি এবদোতে প্রকাশিত হলে পত্রিকাটির অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এবং এতে বেশে কয়েকজন হতাহত হয়। (সূত্র: আলজাজিরা)

এমকে