তুর্কি-সিরিয়া সীমান্তের শরণার্থী শিবির পরিদর্শন করতে তুরস্ক যাচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা
মার্কেল ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা।
এ সফরকালে শরণার্থী নেয়ার বিনিময়ে তুরস্কের নাগরিকদের ইউরোপে ভিসা ছাড়া যাতায়াতের বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন মার্কেল। এরইমধ্যে তুরস্কের নানা অন্যায় দাবির কারণে এজিয়ান সাগরে ন্যাটোর অভিযান বাঁধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে গ্রিস।
এদিকে, তুরস্ক থেকে গ্রিসে অভিবাসীদের আগমন আবার বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা।
শুক্রবার গ্রিসের ইদোমেনি শিবিরে স্প্যানিশ স্বেচ্ছাসেবীদের তৈরি গোসলখানার সামনে ভিড় করে শত শত নারী ও শিশু শরণার্থী। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ইদোমেনি শিবিরে নান রোগব্যাধি ছড়িয়ে পড়তে পারে বলে গ্রিক স্বাস্থ্য কর্তৃপক্ষের সতর্কতার পর এ পদক্ষেপ নিয়েছে তারা।
স্বেচ্ছাসেবী কর্মী হ্যানি কেসলার বলেন, শিবিরে পানির খুব অভাব। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে অনেকে বিভিন্ন ধরণের সংক্রমণের শিকার হচ্ছে। এ কারণে এখানে আমরা তাদের গোসল ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করেছি। রোজ এখানে একশ’র বেশি নারী ও শিশু আসছে। আমরা তাদের পরিষ্কার জামা কাপড়ও দিচ্ছি।
এক নারী বলেন, এখানে জীবনযাপন খুব কষ্টের। সকাল থেকে খাবার সহ প্রয়োজনীয় সব কিছুর জন্য লাইনে দাঁড়াতে হয়। তবে সব কিছুর পরও এ পদক্ষেপের জন্য স্বেচ্ছাসেবী কর্মীদের আমরা ধন্যবাদ জানাচ্ছি।
এরই মধ্যে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস অভিযোগ করেছেন, তুরস্কের নানা অন্যায় দাবির কারণে গত মার্চ থেকে এজিয়ান সাগরে শুরু হওয়া ন্যাটোর অভিযান বাঁধাগ্রস্ত হচ্ছে।
গ্রিস প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেন, ইউরোপে অবৈধ মানব পাচার ঠেকাতে এজিয়ান সাগরে ন্যাটো অভিযান শুরু করেছে। ন্যাটোর এ অভিযান সফল করার জন্য এখনও আমাদের অনেক কিছু করার আছে। তুরস্ক যে অন্যায় দাবি করছে তা ন্যাটোর অভিযানে বাঁধা সৃষ্টি করছে।
ন্যাটোর অভিযান এবং আঙ্কারা ও ব্রাসেলসের শরণার্থী বিষয়ক চুক্তির পর তুরস্ক থেকে গ্রিসে অভিবাসী আগমনের সংখ্যা কমে আসলেও সম্প্রতি তা বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা।
সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, গত তিন দিনে প্রতিদিন ১৫০ জন অভিবাসী তুরস্ক হয়ে গ্রিসে পৌঁছেছে।
এদিকে, তুরস্ক-সিরিয়া সীমান্তের শরণার্থী শিবির পরিদর্শন করতে তুরস্ক যাচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। তুরস্ক শরণার্থীদের জন্য নিরাপদ জায়গা নয় বলে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগের প্রেক্ষিতে শিবির পরিদর্শন করতে যাচ্ছেন তারা।
এ সফরকালে তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতৌলুর সঙ্গে সাক্ষাৎ করে শরণার্থী নেয়ার বিনিময়ে তুরস্কের নাগরিকদের ইউরোপে ভিসা ছাড়া যাতায়াতের বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন মার্কেল।
ওএফ





