জার্মানদের মধ্যে ‘ইসলামোফোবিয়া’ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে।
বুধবার প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে গত বছর প্রায় ১০ লাখ শরণার্থী যাদের অধিকাংশই মুসলিম, জার্মানিতে প্রবেশ করার পর থেকে জার্মান সমাজে ইসলাম বিদ্বেষ অনেক বেড়ে গেছে।
গবেষণায় অংশ নেওয়া ২,৪২০ জনের মধ্যে অর্ধেকের বেশি জন বলেছে, জার্মানিতে বর্তমানে এতো মুসলিম যে জন্মভূমিতে তাদের এখন নিজেদেরই বিদেশি বলে মনে হয়।
মুসলিমদের জার্মানিতে প্রবেশ করতে না দেওয়ার পক্ষের লোকজনের সংখ্যাও বেড়েছে। এ সংখ্যা এখন ৪০ শতাংশের ওপরে, বলছে গবেষণা।
‘অ্যান্টি-ইমিগ্রান্ট অলটারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) পার্টির সমর্থকদের সংখ্যাও দিন দিন বাড়ছে।
দলটি জার্মানিতে মসজিদের চূড়া এবং বোরখা নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। এছাড়া, দলটি ইসলাম ধর্মের জীবন বিধানকে জার্মান সংবিধানের সঙ্গে বেমানান বলে মনে করে।
সম্প্রতি জার্মানির শরণার্থী শিবিরগুলোতেও হামলার সংখ্যা বেড়েছে।
এফএফ





